যে হিসেব মিলে যায় তার নাম গণিত
যে মায়া ছেড়ে যায় তার নাম জীবন
যে ব্যথা থেকে যায় তার নাম প্রেম
ইতিহাসে যে প্রেম তার নাম বদনাম।
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষের মন জয় করা, আর সবচেয়ে সহজ কাজ সেই মনকে ভেঙে গুঁড়ো করে দেওয়া।
আর এই ভেঙে যাওয়া মানুষদের গল্প পড়ার জন্যই হয়তো মধ্যরাতের ল্যাম্পপোস্টগুলো হলুদ আলো ছড়ায়। তখন মনে হয়—এই আলো যেন প্রতিটি পথিকের আত্মার হিসাব-নিকাশ খতিয়ে দেখছে। যে মানুষের বুকের ভেতর কোনো ফাটল নেই, যে কখনো কারও জন্য পাগল হয়নি, যে ভালোবেসে দেউলিয়া হয়নি।সে কি সত্যিই এই আলোর নিচে দাঁড়ানোর যোগ্য? নাকি সে কেবল পাশ কাটিয়ে চলে যায়, কারণ তার নিজের কোনো গভীরতা নেই?
আমরা ভাবি, দেউলিয়া হওয়া মানে হারানো। কিন্তু আমি বলি—যে দেউলিয়া হয়নি, সে-ই আসলে সবচেয়ে বড় দেউলিয়া। কারণ তার পকেট হয়তো ভর্তি, কিন্তু তার আত্মার সিন্দুকটা চিরকাল ফাঁকা। যে মানুষটি কখনো বিশ্বাসের ঝুঁকি নেয়নি, যার হিসেব সব সময় মিলেছে, যে কখনো অমিলের গভীরে ডুব দেয়নি—তার জীবন তো এক হিসাবের খাতা; কিন্তু সেখানে প্রাণ নেই, ঝোড়ো হাওয়া নেই, পুড়ে যাওয়ার গন্ধ নেই।
যে মন একবার গুঁড়ো হয়েছে, কেবল সে-ই জানে কীভাবে আবার ইট সাজাতে হয়। আর যে মন কখনো ভাঙেনি, সে শুধু একপেশে প্রাচীর—দেখতে শক্ত, কিন্তু ভেতরে ফাঁপা। প্রকৃতির কোনো পাহাড় কি কখনো ভাঙেনি? বৃষ্টি, ঝড়, নদী—সবাই তাকে ক্ষয় করে। আর সেই ক্ষয়ই তো পাহাড়কে মাটি করে, যেখানে গাছ হয়, ফুল ফোটে, প্রাণ বাঁচে।
তেমনি মানুষও। আমরা যারা দেউলিয়া হয়েছি, যাদের বিশ্বাসের বাজার ধ্বংস হয়েছে, যাদের ভালোবাসার পুঁজি শূন্য—আমরাই আসলে মাটি হয়েছি। আর সেই মাটিতেই নতুন কোনো সম্পর্কের চারা গজানোর সম্ভাবনা থাকে। কিন্তু যারা কখনো দেউলিয়া হয়নি, তারা পাথরের মতো—কঠিন, সুন্দর, কিন্তু নিষ্প্রাণ।
আমি কিন্তু অর্থের দেউলিয়ার কথা বলছি না। আমি বলছি—মানুষ কত উপায়ে দেউলিয়া হতে পারে!
কেউ দেউলিয়া হয় বিশ্বাসে—যখন প্রিয় মানুষটি অচেনা চোখে তাকায়, তখন তার ভেতরের সেই ঘাটতি আর কখনো পূরণ হয় না।
কেউ দেউলিয়া হয় সময়ে—যে সব মুহূর্ত আর ফিরে আসে না, যেগুলো কেবল স্মৃতির ধুলো হয়ে জমে থাকে।
কেউ দেউলিয়া হয় স্বপ্নে—যে স্বপ্নগুলো একসময় বুকের ভেতর আগুন জ্বালাত, এখন তারা শুধু পোড়া কাগজের মতো উড়ে যায়।
কেউ দেউলিয়া হয় আত্মসম্মানে—যখন নিজেকে বারবার মাটিতে ফেলে দেওয়া হয়, তখন সেই মানুষটি দাঁড়িয়ে থেকেও আসলে পড়ে থাকে।
আর কেউ দেউলিয়া হয় ভালোবাসায়—যে মানুষটি নিজের সমস্ত আবেগ বন্ধক রেখেছে কোনো এক অযোগ্য হাতে, আর দিনশেষে ফিরে পেয়েছে শুধু শূন্যতা।
এই প্রতিটি দেউলিয়াত্বই একেকটি কবিতা, একেকটি মহাকাব্য। আর যে মানুষটি এসব দেউলিয়াত্বের কোনোটি অনুভব করেনি, তার জীবন কি কোনো কবিতা? না, তা কেবল রুটিনের অনুশীলন—কোনো আবেগ নেই, কোনো চিৎকার নেই, কোনো অমিল নেই।
তাই আমি বলি, দেউলিয়া হওয়া লজ্জার নয়; এটি সত্যিকারের বেঁচে থাকার প্রমাণ। যে সম্পর্ক টিকে যায়নি, সেই সম্পর্কই তোমাকে শিখিয়েছে কীভাবে একা দাঁড়াতে হয়। যে মানুষটি চলে গেছে, সে-ই তোমার ভেতর ‘অবশিষ্ট’ এক তুমি-কে তৈরি করেছে। যে হিসেব মেলেনি, সেই অমিলটুকুই তোমার জীবনের আসল ‘মিল’—কারণ সেখানেই লুকিয়ে আছে প্রশ্ন, আর প্রশ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।
শহরের ল্যাম্পপোস্টগুলো সাক্ষী—যারা দেউলিয়া হয়েছে, তারাই রাতের শেষ প্রহরে বারান্দায় বসে একা একা চা খায়; তারা জানে কষ্টের স্বাদ, তারা চেনে একাকিত্বের ভাষা। আর এই জ্ঞানই তাদের আলাদা করে রাখে—তারা শুধু বাঁচে না, তারা বাঁচার অর্থ তৈরি করে।
যে দেউলিয়া হয়নি, সে কখনো ভোরের অপেক্ষা চেনে না। কারণ অন্ধকার না দেখলে আলোর মূল্য বোঝা যায় না। দেউলিয়া হৃদয়গুলোই আসলে সবচেয়ে ধনী—কারণ তাদের কাছে আছে ভাঙার গল্প, পুনর্গঠনের মন্ত্র, আর নতুন করে শুরু করার অদম্য সাহস।
শুনেছি অক্টোপাসের নাকি তিনটি হৃদয়, আর আমার তো মোটে একটা!সখী আমি জানি আমার কোথায় তীব্র অভাব। আমি এই একটা হৃদয় নিয়েই তোমাকে ভালোবেসে পুরোপুরি দেউলিয়া হতে চাই।”সম্ভবত দেউলিয়ার পরের স্তর আউলিয়া; মানুষ আউলিয়া হতে চায় ঠিকই, কিন্তু দেউলিয়া হতে ভয় পায়।”